সেপ্টেম্বর ২২, ২০২৬, ১০:০৫ এএম
কয়েক দফা কমার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। মঙ্গলবার ভোরে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ও যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই উভয়ের বাজারেই এই ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যায়। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের নভেম্বর সরবরাহ চুক্তির দর ব্যারেলে ২২ সেন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ বেড়েছে। এতে প্রতি ব্যারেল ব্রেন্টের দর দাঁড়িয়েছে ১০০ দশমিক ৫৭ ডলারে।
ব্যারেলপ্রতি দর আবার একশ ডলার স্পর্শ করল। যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের অক্টোবর সরবরাহ চুক্তির মেয়াদ আজ মঙ্গলবার শেষ হচ্ছে। এই চুক্তির আওতায় জ্বালানিটির দাম ব্যারেলে ২ সেন্ট বা শূন্য দশমিক শূন্য ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়েছে।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া নভেম্বরের ডব্লিউটিআই সরবরাহ চুক্তির দাম বেড়েছে তুলনামূলক বেশি। এই চুক্তিতে প্রতি ব্যারেলে ১৩ সেন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ দর বেড়ে দাম দাঁড়িয়েছে ৯২ দশমিক ৪৯ ডলারে।
বাজারে লেনদেনের এই ওঠানামার মধ্যে ভূরাজনীতির দিকেও সতর্ক নজর রাখছেন আন্তর্জাতিক বিনিয়োগকারীরা। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কোনো কূটনৈতিক আলোচনা হয় কি না সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন