অক্টোবর ২৮, ২০২৫, ১০:০৭ এএম
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়েছে। এই নতুন দর আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকেই সারা দেশে কার্যকর হচ্ছে।সোমবার (২৭ অক্টোবর) রাতে বাজুসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম সমন্বয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দাম অনুযায়ী, আজ থেকে দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা।এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা।এর ঠিক একদিন আগেই, অর্থাৎ সোমবার (২৭ অক্টোবর) স্বর্ণের দাম কমানো হয়েছিল। রোববার বাজুস ভরিতে ১ হাজার ৩৯ টাকা কমিয়ে ২২ কারেটের দাম ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা নির্ধারণ করেছিল। অর্থাৎ, টানা দুই দিনে স্বর্ণের দাম উল্লেখযোগ্য পরিমাণে কমল।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। বাজুস জানিয়েছে, ভরিতে ১ হাজার ২২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম ৪ হাজার ২৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৩ হাজার ৪৭৬ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম পড়বে ২ হাজার ৬০১ টাকা।
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ক্রেতাদের আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করে বিল পরিশোধ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে এই মজুরির হারে তারতম্য হতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন