নভেম্বর ৯, ২০২৫, ১১:২৯ এএম
বেতন বৃদ্ধি ও পদোন্নতির দাবিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। পূর্বঘোষণা অনুযায়ী রোববার (৯ নভেম্বর) সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে। এর ফলে দেশের ৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ থাকছে।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক শামসুদ্দিন মাসুদ এই কর্মবিরতির ঘোষণা দেন।এর আগে শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শেষে শিক্ষকরা ‘কলম বিসর্জন কর্মসূচি’ পালনের জন্য শাহবাগের দিকে পদযাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়েন। সেখানে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষ: শিক্ষকরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।ক্ষয়ক্ষতি: শিক্ষক নেতাদের দাবি, এই হামলায় শতাধিক শিক্ষক আহত হয়েছেন এবং বেশ কয়েকজন শিক্ষক নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে আন্দোলনকারী শিক্ষকদের প্রধান তিনটি দাবি হলো:১. সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীতকরণ। ২. ১০ বছর ও ১৬ বছর চাকরি পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান-সংক্রান্ত জটিলতা ও সমস্যার স্থায়ী সমাধান। ৩. সহকারী শিক্ষকদের জন্য শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান।
পরিষদের সমন্বয়ক শামসুদ্দিন মাসুদ অভিযোগ করেন, বিনা উসকানিতে পুলিশ তাদের শান্তিপূর্ণ পদযাত্রায় হামলা চালিয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, কর্মকর্তারা আলোচনা করতে চাইলেও এবার আর তাঁরা যাবেন না। প্রজ্ঞাপন ছাড়া কোনোভাবেই ঘরে ফিরবেন না এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণার ইঙ্গিত দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন