বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে চবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ০৫:২২ পিএম

প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে চবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রাথমিক বিদ্যালয়গুলোতে অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং দেশের মূলধারার শিক্ষা ব্যবস্থায় ইসলামি শিক্ষা সংযুক্ত করার জোর দাবি জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে।

‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ অ্যাসোসিয়েশন’ নামের একটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। দুপুরের তপ্ত রোদেও বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশুদের প্রাথমিক স্তরেই নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনের জন্য ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম।

কিন্তু বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষকের পর্যাপ্ত পদায়ন নেই। এ কারণে শিক্ষার্থীরা সঠিক ধর্মীয় জ্ঞান ও নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বক্তারা অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় ইসলামি শিক্ষাকে গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়। তাদের মতে, একটি সুশৃঙ্খল ও নৈতিকতাসম্পন্ন জাতি গঠনে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই।

সংগঠনটির কো-লিড অরগানাইজার মাসউদুর রহমান ফাহাদের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) প্রতিনিধি এবং ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাধারণ শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে তাদের দাবির পক্ষে স্লোগান দেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের এই যৌক্তিক দাবিগুলো যদি দ্রুত মেনে নেওয়া না হয়, তবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। শান্তিপূর্ণভাবে শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি সমাপ্ত হয়।