রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চেয়ার মানুষকে বড় করে না, মানুষ বসলে চেয়ার সম্মানিত হয়

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৫, ০৩:৪৪ পিএম

চেয়ার মানুষকে বড় করে না, মানুষ বসলে চেয়ার সম্মানিত হয়

স্বপ্নের ক্যাম্পাস, স্বপ্নের ক্যারিয়ার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ক্যারিয়ার গাইডলাইন ২০২৫’ সেমিনার। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও নৈতিকতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে তিনটি সেশনে বিভক্ত এই আয়োজনে বিভিন্ন অনুষদের অসংখ্য নবাগত শিক্ষার্থী অংশ নেন।সকাল ১০টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সেমিনারের প্রথম সেশন শুরু হয়।

কলা, চারুকলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই সেশনে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. বেলাল হুসাইন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ড. জুবায়ের মোহাম্মদ এহসানুল হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির।সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে অ্যাডভোকেট শিশির মনির বলেন, “চেয়ার মানুষকে বড় করে না; মানুষ বসলে চেয়ার সম্মানিত হয়। তাই পদ পাওয়ার দিকে দৌড়ানোর চেয়ে নিজেকে যোগ্য করে তোলা বেশি জরুরি।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে তারা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করেছেন।

এখন প্রয়োজন নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। তিনি আরও উল্লেখ করেন, বইয়ের পাতার বাইরে অভিজ্ঞতার মাধ্যমেই শিখতে হয় কীভাবে সমস্যা সমাধান করতে হয়, কীভাবে নেতৃত্ব দিতে হয় এবং কীভাবে পরিস্থিতি সামলাতে হয়। পেশাগত জীবনে ধৈর্য ও শোনার ক্ষমতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “ধৈর্য আর শুনতে জানার ক্ষমতা একজন নেতার বড় শক্তি।”

অনুষ্ঠানে অধ্যাপক ড. বেলাল হুসাইন ও ড. জুবায়ের মোহাম্মদ এহসানুল হক শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ পেশাগত প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। নবীন শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রথাগত পাঠ্যক্রমের বাইরে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও সফট স্কিলস নিয়ে এমন আয়োজন তাদের বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। আয়োজকদের পক্ষ থেকে ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন তাদের মেধা বিকাশে সহায়ক হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাবি শিবির সেক্রেটারি মহিউদ্দিন খান।