নভেম্বর ১৫, ২০২৫, ০৭:০৫ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন ক্যাম্পাসের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান আয়োজন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, ইতোপূর্বে সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতেই রাত দশটার পরে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল প্রকার অনুষ্ঠান নিষিদ্ধ করা হলো।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পাসের সামগ্রিক শান্তি-শৃঙ্খলা এবং আবাসিক শিক্ষার্থীদের নির্বিঘ্ন পড়াশোনার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এই নির্দেশনা জারি করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে এই ধরনের নির্দেশনা জারি করার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে গত কয়েকদিন ধরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রাতভর কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের পক্ষ থেকে তীব্র সমালোচনা আসছিল। এসব অনুষ্ঠানাদির কারণে আবাসিক হলগুলোতে স্বাভাবিক জীবনযাত্রা ও পড়াশোনা ব্যাহত হচ্ছিল।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, যদি কোনো ব্যক্তি বা সংগঠন নির্দেশনা অমান্য করে রাত ১০টার পর কোনো অনুষ্ঠান চলমান রাখে, তাহলে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে দিনের বেলা অনুষ্ঠানের সময়ও শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন