নভেম্বর ১৯, ২০২৫, ১০:০০ এএম
দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনের পূর্ণাঙ্গ তপশিল ঘোষণা করেন ব্রাকসু নির্বাচন কমিশনার ড. মোহসিনা আহসান।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ১৭ বছরের ইতিহাসে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। গত জুলাই আন্দোলনের পর শিক্ষার্থীরা ব্রাকসু নির্বাচনের দাবিতে জোরদার আন্দোলনে নামে।
কয়েক দফা অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন শেষে শিক্ষার্থীদের দাবির মুখে গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতি 'বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯'-এ ব্রাকসু নির্বাচনের আইনের অনুমোদন দেন। ছাত্র রাজনীতির জন্য এই নির্বাচনকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।নির্বাচন কমিশনার ড. মোহসিনা আহসান জানান, ঘোষিত তপশিল অনুযায়ী নির্বাচনী কার্যক্রম শুরু হচ্ছে দ্রুত। আগামী ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ২৬ নভেম্বর প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। এরপর ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে।
প্রার্থীরা ২ ও ৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল করার সময় পাবেন। পরবর্তী পদক্ষেপ হিসেবে ৪ ও ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে এবং ৭ ডিসেম্বর প্রকাশ করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। প্রাথমিক তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে ৮ ডিসেম্বর। প্রার্থীরা ৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ পাবেন। সবশেষে ১০ ডিসেম্বর তারিখে সকল প্রার্থীর জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ডোপ টেস্ট অনুষ্ঠিত হবে এবং ১৩ ডিসেম্বর ঘোষিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।
ঘোষণা অনুযায়ী, ২৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এই দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচনের ফলাফল ভোট শেষে একই দিন রাতেই প্রকাশ করা হবে বলেও নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন