নভেম্বর ১৯, ২০২৫, ০৬:৫০ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন আগামীকাল (২০ নভেম্বর) বেলা ১২টা থেকে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম নিশ্চিত করেছেন, এই আবেদন প্রক্রিয়া চলবে ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে, ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। আগামী ১৬ জানুয়ারি 'সি' (বিজ্ঞান) ইউনিট, ১৭ জানুয়ারি 'এ' (মানবিক) ইউনিট এবং ২৪ জানুয়ারি 'বি' (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দেশের ছয়টি অঞ্চলে (রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল) দুই শিফটে—সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এই পরীক্ষা গ্রহণ করা হবে।
ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় পৃথকভাবে চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। অন্যদিকে, বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণদের ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস শিক্ষার্থীদের প্রাপ্ত জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে। জিসিই O লেভেল ও A লেভেল সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে চূড়ান্ত আবেদন-কালে অতিরিক্ত ফরম পূরণ করতে হবে।
পরীক্ষার বিষয়ে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের এবং সময় থাকবে এক ঘণ্টা। এটি এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। পরীক্ষায় প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে এবং ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাশ নম্বর ৪০। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে: 'এ' (মানবিক) ও 'সি' (বিজ্ঞান) ইউনিটের আবেদন ফি ১,৩২০ টাকা করে এবং 'বি' (বাণিজ্য) ইউনিটের আবেদন ফি ১,১০০ টাকা। সকল ফিয়ের সঙ্গে ১০% সার্ভিস চার্জ যুক্ত হবে। প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে আবেদনকারী সকল শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন