বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

প্রাথমিক শিক্ষকদের ‘লাগাতার’ কর্মবিরতির ডাক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ১০:০৩ পিএম

প্রাথমিক শিক্ষকদের ‘লাগাতার’ কর্মবিরতির ডাক

প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ১১তম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়ন না করায় এবার লাগাতার পূর্ণদিবস কর্মবিরতির ডাক দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি চলবে। শিক্ষকরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না করা পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন এবং প্রয়োজনে বার্ষিক পরীক্ষাও বর্জন করবেন।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ' এই লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাতে সংগঠনটির পাঁচজন আহ্বায়কের সই করা বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

প্রাথ‌মিক শিক্ষক দা‌বি বাস্তবায়ন প‌রিষদের আহ্বায়ক মু. মাহবুবর রহমান বলেন, গত ১০ তারিখে অর্থ মন্ত্রণালয়ের অর্থ স‌চিব মহোদয়ের দেওয়া প্রতিশ্রু‌তি বাস্তবায়নে গ‌ড়িম‌সি হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার থে‌কে সারা দেশের প্রাথ‌মিক বিদ্যালয়ে পূর্ণ‌দিবস কর্ম‌বিরতি চলবে দা‌বি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত।

এদিকে, গত ২৫ নভেম্বর থেকে তিনদিনের কর্মবিরতির ডাক দেয় ‘প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’। তাদের ডাকা কর্মবিরতি চলমান থাকার মধ্যেই প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা দিলো, যা এই আন্দোলনকে আরও জোরালো করবে।