নভেম্বর ৩০, ২০২৫, ১২:০৩ পিএম
তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা কর্মবিরতি পালন করছেন। এতে দেশের ৬৫ হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যত বন্ধ রয়েছে। আগামী সোমবার থেকে বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও দাবি বাস্তবায়ন না হলে পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
ফলে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থা এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে।শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকার আজ রোববার রাতের মধ্যে দাবি পূরণে কার্যকর সিদ্ধান্ত না দিলে সোমবার শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষা বর্জন করা হবে।
দেশের সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন তিন লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষক। তাদের প্রধান দাবিগুলো হলো:
বেতন স্কেল: সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীতকরণ। (প্রধান শিক্ষকরা এরই মধ্যে দশম গ্রেডে বেতনভুক্ত)।উচ্চতর গ্রেড: ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান।পদোন্নতি: শতভাগ বিভাগীয় পদোন্নতি দিতে হবে।এর আগে গত ৮–১২ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষক আহত হন।
পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে শিক্ষকরা কর্মস্থলে ফিরে গেলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় তারা আবার কর্মবিরতিতে ফেরেন।গত ২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান আন্দোলনরত নেতাদের সঙ্গে বৈঠক করে বার্ষিক পরীক্ষা বর্জন না করার আহ্বান জানালেও শিক্ষক নেতারা দাবি পূরণের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন