রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রোকেয়াকে ‍‍`কাফির-মুরতাদ‍‍` মন্তব্য: রাবি শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থার দাবি

রকিবুল হাসান মুন্না

ডিসেম্বর ১০, ২০২৫, ০৭:১১ পিএম

রোকেয়াকে ‍‍`কাফির-মুরতাদ‍‍` মন্তব্য: রাবি শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থার দাবি

ছবি-দিনাজপুর টিভি

নারী জাগরণ ও সমাজ সংস্কারের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের এক শিক্ষকের করা 'কাফির-মুরতাদ' মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর।

বেরোবি কর্তৃপক্ষ এই ধরনের মন্তব্যের কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।বেরোবি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বাঙালি নারী জাগরণ, নারীশিক্ষা বিস্তার, বৈষম্যবিরোধী সংগ্রাম এবং আধুনিক সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠায় রোকেয়ার অবদান অনন্য।

তাঁর মতো আলোকিত ও প্রগতিশীল ব্যক্তিত্বকে নিয়ে এমন অবমাননাকর মন্তব্য নারী মুক্তির আন্দোলনকে হেয় প্রতিপন্ন করার দায়িত্বজ্ঞানহীন প্রচেষ্টা।

এটি কেবলই বিদ্বেষ সৃষ্টির অপচেষ্টা নয়, বরং দেশের বিদ্যমান আইনে শাস্তিযোগ্য অপরাধও।বিবৃতিতে আরও বলা হয়, রোকেয়া তাঁর রচনাগুলোতে (মতিচূর, সুলতানার স্বপ্ন, অবরোধবাসিনী ইত্যাদি) বিজ্ঞানমনস্কতা, মুক্তচিন্তা ও মানবমুক্তির পক্ষে যুক্তির আলো জ্বালিয়েছেন। জীবনীকারদের মতে, রোকেয়া নিজেও ছিলেন একজন "প্র্যাকটিসিং মুসলিম"। ইসলামের অনুশাসনের মধ্যেই তিনি নারীর অধিকার ও শিক্ষার বিষয়ে সোচ্চার ছিলেন। এমন একজন মানবতাবাদী রেনেসাঁ-মনস্ক নারীকে 'মুরতাদ' আখ্যা দেওয়া চরম অবমাননা বলেও উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বেগম রোকেয়ার আদর্শকে ধারণ করে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রতি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।বেরোবি কর্তৃপক্ষ আশা করছে, শিক্ষাঙ্গনে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে এবং ভবিষ্যতে কেউ যেন এ ধরনের অবমাননাকর মন্তব্য করতে সাহস না পায় সে জন্য উপযুক্ত দৃষ্টান্ত স্থাপন করা হবে।