বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মহান শহিদ দিবস পালিত

রাকিবুল হাসান মুন্না

ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৩:৫০ পিএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মহান শহিদ দিবস পালিত

বেরোবিতে শহিদদের শ্রদ্ধা :ছবি-দিনাজপুর টিভি

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার ২১ ফেব্রুয়ারি সকালে ভাষা শহিদদের স্মরণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বিশাল শোক র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। 

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ ও দপ্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা অংশগ্রহণ করেন।শোক র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে পার্কের মোড় সংলগ্ন আবু সাঈদ চত্বর ঘুরে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। 

র‍্যালি শেষে শহিদ মিনার চত্বরে উপাচার্যের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর একে একে বিভিন্ন অনুষদ, আবাসিক হল, ইনস্টিটিউট এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। 

অমর একুশের এই লগ্নে পুরো ক্যাম্পাস এক শোকাতুর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে রূপ নেয়।দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির জাতীয়তাবাদী চেতনার ভিত্তি স্থাপন করেছে। তিনি উল্লেখ করেন, ভাষা শহিদদের আত্মত্যাগ কেবল মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠাই নয় বরং আমাদের স্বাধীনতা ও আত্মমর্যাদার সংগ্রামেও চিরকাল অনুপ্রেরণা জুগিয়েছে। 

বাংলা বিশ্বের একমাত্র ভাষা যার জন্য মানুষ জীবন দিয়েছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের জন্য এক বিরল গৌরবের বিষয় বলে তিনি মন্তব্য করেন।ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য দেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান। 

সভায় আরও বক্তব্য দেন গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ তানজিউল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা। এর আগে দিবসের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো ব্যাজ ধারণ করা হয়। বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।