সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হাদির ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রীদের বিক্ষোভ মিছিল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৫, ১১:২৯ পিএম

হাদির ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রীদের বিক্ষোভ মিছিল

জবি প্রতিনিধি: রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের ছাত্রীরা এই প্রতিবাদ মিছিল বের করেন।মিছিলটি হলের ভেতর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান ফটক প্রদক্ষিণ করে এবং বিশ্বজিৎ চত্ত্বরে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল চলাকালীন শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘তুমি কে? আমি কে? ওসমান হাদি, ওসমান হাদি’, ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও।

সহ নানা প্রতিবাদী স্লোগানে ক্যাম্পাস উত্তাল করে তোলেন। মতাদর্শিক পার্থক্য ভুলে শিক্ষার্থীরা এই হামলার বিরুদ্ধে একাট্টা অবস্থান নেন।সমাবেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা বলেন,ওসমান ওপর যে গুলি হলো এই হামলার বিচার হবে কি না জানি না। আমরা চাই এর একটা সুষ্ঠু তদন্ত ও বিচার হোক। আমাদের মতাদর্শ আলাদা থাকতে পারে কিন্তু আমরা এই জায়গায় এক। কারণ এই হামলা তো আমার ওপরেও হতে পারতো।

প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী জান্নাতুল উর্মি তারিন উদ্বেগ প্রকাশ করে বলেন, “জোবায়েদের পর হাদি হামলার শিকার হলো। আমরা চাই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে হাদির ওপর হামলাকারীর দৃষ্টান্তমূলক বিচার করা হোক।”অন্যতম শিক্ষার্থী ফারজানা আক্তার টুম্পা বলেন, “হাদি ইনকিলাব মঞ্চের পরিচিত মুখ। তার ওপর এই হামলার তীব্র নিন্দা জানাই। আমরা এরকম অস্থিতিশীল দেশ চাই না। আমরা রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে নির্বাচনি প্রচারণাকালে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।