সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ০৩:৪০ পিএম

বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে সরকার আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই প্রেক্ষাপটে চলমান অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে কালকের পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সরকার আগামী ৩১ ডিসেম্বর বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এমতাবস্থায়, চলমান জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বরের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হলো। এই স্থগিতকৃত পরীক্ষাটি আগামী ৫ জানুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হবে।”

মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ১৯৪৫ সালে বৃহত্তর দিনাজপুরের (বর্তমান ভারতের জলপাইগুড়ি) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা এই মহীয়সী নেত্রী দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতিতে এসে তিনি তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। বৃত্তি পরীক্ষা স্থগিতের ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের নতুন তারিখ অনুযায়ী প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। তবে ৫ জানুয়ারি সোমবারের অন্যান্য পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী চলবে কি না, তা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে নিয়মিত যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।