রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জকসু নির্বাচন; ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষায় ৮ দফা নির্দেশনা জারি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ০৮:১২ পিএম

জকসু নির্বাচন; ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষায় ৮ দফা নির্দেশনা জারি

বহুল প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা রক্ষায় ৮ দফা সাধারণ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিতব্য এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই বিশেষ গাইডলাইন দেওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, ভোট প্রদানের জন্য সাধারণ শিক্ষার্থীদের শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইট (প্রধান ফটক) দিয়ে প্রবেশ করতে হবে। ভোট প্রদান শেষ হলে তারা ক্যাম্পাসের ২ নম্বর এবং ৩ নম্বর গেইট দিয়ে প্রস্থান করবেন।

অন্যদিকে, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত সময়ের আগে শুধুমাত্র ২ নম্বর গেইট দিয়ে প্রবেশ করতে বলা হয়েছে। নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের ব্যাংকের গেইট ও পোগোজ স্কুল গেইট সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা: নির্দেশনায় আরও বলা হয়:

কর্মকর্তা ও কর্মচারীদের বাধ্যতামূলকভাবে আইডি কার্ড প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে।

জরুরি প্রয়োজন ছাড়া কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসের বাইরে যাতায়াত করতে পারবেন না।

নির্বাচনি দায়িত্বে নেই এমন কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।

ক্যাম্পাসের ভেতরে বসবাসরত কর্মচারীদের পরিবারের সদস্যদের ভোট চলাকালীন সময়ে ক্যাম্পাসে ঘোরাফেরা করা সম্পূর্ণ নিষিদ্ধ।

নির্বাচন চলাকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটি বিশেষ মেডিকেল টিমকে ভোট গ্রহণ শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত ক্যাম্পাসের ভেতরেই অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে।

৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত হওয়া এই নির্বাচনটি পুনরায় ৬ জানুয়ারি অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। ১৬ হাজার ৬৪৫ জন ভোটারের এই উৎসবে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্ট সকলকে এসব নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।