বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জকসু নির্বাচন : ভিপি-জিএস-এজিএসে এগিয়ে ছাত্রশিবির

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৬, ০৯:৪৬ এএম

জকসু নির্বাচন : ভিপি-জিএস-এজিএসে এগিয়ে ছাত্রশিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের বহুল প্রতীক্ষিত ফলাফল আসতে শুরু করেছে। বুধবার সকাল ৭টা পর্যন্ত ঘোষিত ৩৯টি কেন্দ্রের মধ্যে ৪টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ভিপি, জিএস ও এজিএস—এই শীর্ষ তিন পদেই এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান’ প্যানেল।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঘোষিত চার কেন্দ্র মিলিয়ে ভিপি পদে শিবিরের রিয়াজুল ইসলাম ৪২৭ ভোট পেয়ে শীর্ষস্থানে রয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ৩৯৪ ভোট।

জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ ৩৮৫ ভোট পেয়ে ছাত্রদলের খাদিজাতুল কুবরাকে (২০৫ ভোট) পেছনে ফেলেছেন।

এছাড়া এজিএস পদেও শিবিরের মাসুদ রানা ৪০৫ ভোট পেয়ে ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজিলকে (৩২১ ভোট) ছাড়িয়ে গেছেন। বিশেষ করে ভূগোল ও পরিবেশ, ফার্মেসি এবং নৃবিজ্ঞান বিভাগে শিবিরের প্রার্থীরা বড় ব্যবধানে লিড নিয়েছেন। এর আগে মঙ্গলবার রাতে ওএমআর মেশিনে কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা সাময়িক বন্ধ থাকলেও দীর্ঘ বৈঠকের পর রাত ১টা থেকে ম্যানুয়াল ও মেশিনের সমন্বয়ে পুনরায় গণনা শুরু হয়।

কমিশন জানিয়েছে, বাকি ৩৫টি কেন্দ্রের ফলাফল হাতে আসার পর চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ২১ বছর পর অনুষ্ঠিত এই ঐতিহাসিক নির্বাচনে প্রায় ৬৫ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। এখন পুরো ক্যাম্পাসের নজর বাকি কেন্দ্রগুলোর ফলাফলের দিকে।