জানুয়ারি ৭, ২০২৬, ১০:৫৯ এএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভিপি পদে শ্বাসরুদ্ধকর লড়াই চলছে। বুধবার সকাল ১০টায় নির্বাচন কমিশন ঘোষিত ৮টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, মাত্র ৬ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল।
৩৯টি কেন্দ্রের মধ্যে ৮টির ফল শেষে শিবিরের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৮১০ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ৮০৪ ভোট।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ফিন্যান্স এবং লোকপ্রশাসন বিভাগে ছাত্রদলের প্রার্থী ভালো ব্যবধানে এগিয়ে থাকলেও বিজ্ঞান অনুষদের অনুজীব বিজ্ঞান, সিএসই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসি বিভাগে বড় লিড নিয়েছে শিবির।
ফিন্যান্স বিভাগে ছাত্রদলের রাকিব যেখানে ২৩১ ভোট পেয়েছেন, সেখানে শিবিরের রিয়াজুল পেয়েছেন ১৩৮ ভোট। তবে অনুজীব বিজ্ঞানে রিয়াজুল ৮৭ ভোট পেয়ে রাকিবকে (৪৬ ভোট) পেছনে ফেলেছেন।অন্যদিকে জিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী আবদুল আলিম আরিফ বেশ কয়েকটি বিভাগে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।
ওএমআর মেশিনের কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার রাতে গণনা বন্ধ থাকলেও বুধবার সকাল থেকে পুরোদমে ফলাফল ঘোষণা চলছে। প্রতিটি কেন্দ্রের ফলাফল আসার সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে সমীকরণ, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। বাকি ৩১টি কেন্দ্রের ফলাফলের ওপরই নির্ভর করছে জকসুর চূড়ান্ত নেতৃত্ব।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন