জানুয়ারি ৭, ২০২৬, ১২:২৫ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা জকসু নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। এখন পর্যন্ত পাওয়া ১১টি কেন্দ্রের ফলাফলের চিত্রে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। ভিপি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এগিয়ে থাকলেও সাধারণ সম্পাদক বা জিএস এবং সহ-সাধারণ সম্পাদক বা এজিএস পদে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে ইসলামী ছাত্রশিবির।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জকসু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই আংশিক ফলাফল ঘোষণা করে।
ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে ছাত্রদলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ১১৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১০৩১ ভোট।
অর্থাৎ ১১ কেন্দ্রের ফলাফলে ছাত্রদলের রাকিব ১১১ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে শীর্ষ এই পদটিতে ছাত্রদল এগিয়ে থাকলেও বাকি দুটি গুরুত্বপূর্ণ পদের চিত্র ভিন্ন।জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলীম ১১০১ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন। তাঁর বিপরীতে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৫৭০ ভোট। ভোটের হিসাব অনুযায়ী, ছাত্রদলের খাদিজার চেয়ে শিবিরের আলীম ৫৩১ ভোট বেশি পেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
একইভাবে এজিএস পদেও এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা। তিনি পেয়েছেন ১০২০ ভোট। অন্যদিকে ছাত্রদল সমর্থিত তানজিল পেয়েছেন ৮৯৮ ভোট। এখানে শিবিরের প্রার্থী ১২২ ভোটে এগিয়ে আছেন। মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে মাত্র ১১টির ফলাফল আসায় চূড়ান্ত বিজয়ী কে হচ্ছেন তা জানতে বাকি কেন্দ্রগুলোর ফলাফলের অপেক্ষা করতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন