জানুয়ারি ১৩, ২০২৬, ১১:০১ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, নিরাপত্তার অজুহাত দেখিয়ে ছাত্রসংসদ নির্বাচন বন্ধ করা একটি অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবং সাধারণ ছাত্ররা এটি কোনোভাবেই মেনে নেবে না।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ডাকসু প্রতিনিধিদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
সাদিক কায়েম উল্লেখ করেন যে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রসংসদ নির্বাচন নির্ধারিত সময়ে হওয়ার কথা ছিল। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ মহল এই নির্বাচন হোক তা চাইছে না এবং তাদের চক্রান্তেই এটি বন্ধের প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।
ভিপি সাদিক বলেন, “নিরাপত্তার দোহাই দিয়ে নির্বাচন বন্ধ করা অগণতান্ত্রিক। আমরা সিইসির সঙ্গে আলোচনা করেছি যাতে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন আমাদের এই বিষয়ে যথাযথ আশ্বাস দিয়েছে।”নির্বাচন সংক্রান্ত আলোচনার পাশাপাশি সাদিক কায়েম ঘোষণা দেন যে, ছাত্রসমাজ আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশজুড়ে ক্যাম্পেইন করবে। যারা ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, তাদের সমালোচনা করে তিনি বলেন।
যারা ‘না’ ভোটের ক্যাম্পেইন করছে, তারা আসলে আগের সেই ফ্যাসিবাদসহ সব ধরনের অপকর্মকে আবারও পুষে রাখতে চায়। ছাত্ররা তা হতে দেবে না।বৈঠকে ডাকসুর অন্যান্য প্রতিনিধিরা ছাত্রসংসদ নির্বাচনকে গণতান্ত্রিক অধিকার হিসেবে উল্লেখ করে ক্যাম্পাসগুলোতে নিয়মিত নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব তৈরির দাবি জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন