বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

হাবিপ্রবিতে দিনাজপুর-৬ শিক্ষার্থী ঐক্য পরিষদের নতুন কমিটি

মোঃ রাহাত হোসেন

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১০:২০ এএম

হাবিপ্রবিতে দিনাজপুর-৬ শিক্ষার্থী ঐক্য পরিষদের নতুন কমিটি

নতুন কমিটি ঘোষণা :ছবি-দিনাজপুর টিভি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অধ্যয়নরত দিনাজপুর-৬ আসনের শিক্ষার্থীদের সংগঠন ‘দিনাজপুর-৬ শিক্ষার্থী ঐক্য পরিষদ’-এর ২০২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে কৃষি অনুষদের ২১ ব্যাচের শিক্ষার্থী মো. আখিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে পুরকৌশল বিভাগের ২২ ব্যাচের আর.এ. রিজভী মনোনীত হয়েছেন। 

গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই নেতৃত্ব ঘোষণা করা হয়।কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক হিসেবে তৌফিক হাসান রাকিব, দপ্তর সম্পাদক পদে মো. রাসেল এবং প্রচার সম্পাদক হিসেবে মো. আবু সাইদ ইমনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। 

নতুন এই নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে শিক্ষক উপদেষ্টারা আশাবাদ ব্যক্ত করেছেন। মূলত সংগঠনের চেইন অফ কমান্ড এবং গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত সভাপতি মো. আখিরুজ্জামান জানান, দিনাজপুর-৬ এলাকা থেকে আগত শিক্ষার্থীদের কাছে এই সংগঠন একটি আস্থার জায়গা হিসেবে কাজ করবে। তিনি সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব বিকাশের শক্তিশালী ভিত্তি তৈরি করতে চান, যেখানে দায়িত্ববোধ, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা হবে। মূলত শিক্ষা ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এই সংগঠন নিরন্তর কাজ করবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রতিটি শিক্ষার্থী যেন তার প্রাপ্য সম্মান ও সুযোগ পায়, সেটি নিশ্চিত করাই হবে তাদের মেয়াদের মূল অঙ্গীকার।

সংগঠনের সাধারণ সম্পাদক আর.এ. রিজভী তার প্রতিক্রিয়ায় বলেন, তাদের লক্ষ্য কেবল একটি সংগঠন পরিচালনা করা নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ও নৈতিক সচেতনতা তৈরি করা। তিনি আরও জানান, শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি নিশ্চিত করা এবং ন্যায্য অধিকার আদায়ে তারা সদাসজাগ থাকবেন। ইতিবাচক নেতৃত্ব তৈরির মাধ্যমে একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ শিক্ষার্থী সমাজ গড়ে তোলাই তাদের কমিটির মূল লক্ষ্য। সকলের অংশগ্রহণ ও ঐক্যের মাধ্যমে সংগঠনটি সামনের দিকে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।