ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০২:৪৬ পিএম
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হবে যা চলবে ৯ মার্চ পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরাই এই ফরম পূরণের সুযোগ পাবেন।
শিক্ষার্থীরা বিলম্ব ফি ছাড়া ৯ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। তবে যারা এই সময়ের মধ্যে ফরম পূরণ করতে ব্যর্থ হবেন তাদের জন্য বিলম্ব ফিসহ আগামী ১১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ সময়ও ১৮ মার্চ নির্ধারণ করা হয়েছে।
বোর্ড কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে যে কোনো পরীক্ষার্থী যদি তার রেজিস্ট্রেশন বহির্ভূত কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নেয় তবে সেই পরীক্ষা কোনো যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।
বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য নিয়মে কিছুটা শিথিলতা আনা হয়েছে। সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত শারীরিকভাবে অক্ষম বা বিশেষ শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি শিথিলযোগ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়া এইচএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ব্যবস্থাপনায় মডেল টেস্ট নিতে পারবে। তবে কোনো শিক্ষার্থীর জন্য এই মডেল টেস্ট বাধ্যতামূলক করা যাবে না এবং এর জন্য কোনো অতিরিক্ত ফি গ্রহণ করা যাবে না বলেও কঠোর নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন