ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১২:৫৬ পিএম
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও ফি নির্ধারণ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ১ মার্চ থেকে শুরু হয়ে জরিমানা ছাড়া অনলাইনে ফরম পূরণের এই প্রক্রিয়া চলবে ৯ মার্চ পর্যন্ত। শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এবার প্রতিটি বিভাগেই গত বছরের তুলনায় ২১০ টাকা করে ফরম পূরণের ফি বাড়ানো হয়েছে।
যারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে ব্যর্থ হবেন, তারা ১০০ টাকা বিলম্ব ফিসহ ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সুযোগ পাবেন। সোনালী সেবার মাধ্যমে শিক্ষার্থীদের এই ফি পরিশোধ করতে হবে।
নতুন নির্ধারিত ফি অনুযায়ী বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য মোট ২ হাজার ৯৯৫ টাকা ধার্য করা হয়েছে। এর মধ্যে বোর্ড ফি ২ হাজার ১৪০ টাকা এবং কেন্দ্র ফি ৮৫৫ টাকা। গত বছর এই শাখার ফি ছিল ২ হাজার ৭৮৫ টাকা। অন্যদিকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের মোট ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা।
এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৯৪০ টাকা এবং কেন্দ্র ফি ৪৯৫ টাকা। গত বছর এই দুই বিভাগে ফি-র পরিমাণ ছিল ২ হাজার ২২৫ টাকা। ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ঢাকা শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সম্পন্ন করতে হবে।শিক্ষা বোর্ড তাদের নির্দেশনায় জানিয়েছে যে, আগামী ২৮ ফেব্রুয়ারি সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই তালিকা থেকে যথাযথভাবে সঠিক পরীক্ষার্থী নির্বাচন করতে হবে।
ফি আদায়ের ক্ষেত্রে কঠোর নির্দেশনা দিয়ে বোর্ড জানিয়েছে যে, কোনো প্রতিষ্ঠানই শিক্ষার্থীদের কাছ থেকে ২৪ মাসের বেশি টিউশন ফি আদায় করতে পারবে না। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজস্ব ব্যবস্থাপনায় মডেল টেস্ট গ্রহণ করতে পারলেও তা কোনো শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করা যাবে না। মডেল টেস্টের নামে অতিরিক্ত ফি আদায় করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং নির্দেশ অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন