ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১১:৪৫ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের আবেদন জমা দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শীর্ষ এই প্রশাসনিক পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। রোববার সকালে তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন। সরকার এই পদত্যাগপত্র গ্রহণ করলে পদটি শূন্য হবে এবং নতুন উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।
এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের অন্তত এক ডজন জ্যেষ্ঠ শিক্ষকের নাম পরবর্তী উপাচার্য হিসেবে আলোচনায় উঠে এসেছে।নতুন উপাচার্য হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বর্তমান উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।
প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের এই অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নামও বেশ গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে।
তিনি বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে রয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউট্যাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।বিশ্ববিদ্যালয়ের বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামও আলোচনায় রয়েছে। ফিন্যান্স বিভাগের এই জ্যেষ্ঠ অধ্যাপক জুলাই গণঅভ্যুত্থানে নিজের সাহসী ভূমিকার জন্য ক্যাম্পাসে বিশেষভাবে সমাদৃত। এছাড়া মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানের নামও আলোচনায় পিছিয়ে নেই। তিনি বর্তমানে সাদা দলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
আইন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নামও সম্ভাব্য তালিকায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।তালিকায় আরও বেশ কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষকের নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আমিনুল ইসলাম তালুকদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. তাহমিনা আখতার।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জ্যেষ্ঠতা, প্রশাসনিক অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল রাখার সক্ষমতা বিবেচনা করেই নতুন নিয়োগ দেওয়া হবে।উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন ড. নিয়াজ আহমদ খান। গত ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। দেশের এই শীর্ষ বিদ্যাপীঠের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখতে সরকার দ্রুতই নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন