রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৫, ২০২৬, ০৪:৪০ পিএম

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু

মেডিকেল ভর্তি শুরু

২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া এই ভর্তি প্রক্রিয়া আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে। 

অনলাইনে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মেধা ও পছন্দক্রম অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে এক লাখ টাকা জমা দিতে হবে। পরবর্তী সময়ে সরকার নির্ধারিত বাকি ফি মাইগ্রেশন প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। 

অধিদপ্তরের নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, কোনো অবস্থাতেই নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা যাবে না। ভর্তির আগে প্রত্যেক শিক্ষার্থীকে নির্ধারিত মেডিকেল বোর্ডের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং সব শর্ত পূরণ সাপেক্ষে তাদের সাময়িকভাবে ভর্তি করা হবে। পরবর্তীতে শিক্ষার্থীদের সনদপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে যাচাই করা হবে।

আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা অনলাইন ঐচ্ছিক মাইগ্রেশনের মাধ্যমে অন্য মেডিকেল বা ডেন্টাল কলেজে স্থানান্তরের সুযোগ পাবেন। মাইগ্রেশনের জন্য আবেদন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৯ মার্চ বিকেল ৫টা থেকে ৩১ মার্চ বিকেল ৫টা পর্যন্ত। ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, ফলাফলের কপি, এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল সনদ ও নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ড, নাগরিকত্ব সনদ এবং পাসপোর্ট সাইজের ছবি। কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এই মূল সনদপত্রগুলো যাচাই করে নিজেদের কাছে সংরক্ষণ করবে।

অনলাইন মাইগ্রেশন শেষে চূড়ান্ত ভর্তি সম্পন্ন হলে শিক্ষার্থীদের তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত পোর্টালে আপলোড করতে হবে। আগামী ১ এপ্রিলের মধ্যে ভর্তিকৃত ও অভর্তিকৃত শিক্ষার্থীদের বিস্তারিত তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে জমা দেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। নির্বাচিত প্রার্থীদের তালিকা ও ভর্তি সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট কলেজ থেকে সংগ্রহ করা যাবে।