বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর দুর্বত্তদের হামলা

মোঃ রাহাত হোসেন

এপ্রিল ১২, ২০২৬, ১২:৫১ পিএম

হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর দুর্বত্তদের হামলা

আহত শিক্ষার্থী নাফিস

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীর ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। গত ১১ এপ্রিল শনিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বাঁশেরহাট এলাকায় নাফিস মোর্শেদ চৌধুরী নামে ওই ছাত্র হামলার শিকার হন। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বর্তমানে উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। 

আহত শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে কৃষি অনুষদের শিক্ষার্থী নাফিস মোর্শেদ চৌধুরী তাঁর দুই নারী সহপাঠীকে নিয়ে বাঁশেরহাট বাজার সংলগ্ন বিসিএস গলিতে হাঁটছিলেন। এ সময় স্থানীয় অভিযুক্ত মো. সজিব ও মো. জুয়েল ইসলামের নেতৃত্বে একদল যুবক তাঁদের পথরোধ করে অশালীন মন্তব্য শুরু করে। 

বখাটেদের এমন অসভ্য আচরণ ও গালিগালাজের প্রতিবাদ করলে তারা উত্তেজিত হয়ে ওঠে এবং তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে জুয়েল ইসলামের সরাসরি নির্দেশে সজিব ধারালো ‘বাঁশের ফালা’ দিয়ে হত্যার উদ্দেশ্যে নাফিসের কপালে প্রচণ্ড আঘাত করে। এতে তাঁর কপাল গভীরভাবে কেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে সহপাঠীরা তাকে দ্রুত উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন যে, নাফিসের কপালে অন্তত ৮টি সেলাই দিতে হয়েছে। কপালে আঘাতের তীব্রতায় তাঁর মাথার খুলি ফেটে গেছে বলেও প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে। বর্তমানে তিনি কিছুটা আশঙ্কামুক্ত হলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এই হামলার ঘটনা জানাজানি হওয়ার পর রাতেই হাবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় দণ্ডবিধির ৩০৭ তথা হত্যার চেষ্টা এবং ৩২৪ ধারাসহ বিভিন্ন গুরুতর অভিযোগ আনা হয়েছে।

প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান জানান যে, এই হামলার সুষ্ঠু তদন্ত এবং হামলাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সোচ্চার রয়েছে। ভবিষ্যতে যাতে শিক্ষার্থীদের ওপর এমন ন্যাক্কারজনক হামলার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন যে, হামলার ঘটনায় মামলা নথিভুক্ত হওয়ার পর পুলিশি তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যে সজিব নামে এক প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। 

অভিযুক্তদের তালিকায় বিশ্ববিদ্যালয়ের এক চতুর্থ শ্রেণির কর্মচারীর ছেলেও রয়েছে বলে জানা গেছে, যারা বর্তমানে এলাকা ছেড়ে পলাতক। পুলিশ স্থানীয় সোর্সদের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে। সরাসরি এই হামলার ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বখাটেদের এমন দৌরাত্ম্য বন্ধে বাঁশেরহাট এলাকায় স্থায়ী পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।