এপ্রিল ১২, ২০২৬, ০৯:৫৪ পিএম
জাতীয় পর্যায়ে সৃজনশীলতার স্বাক্ষর রেখে বড় সাফল্য অর্জন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের দল ‘দ্য ব্লাইন্ড মেন’। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত ‘আর্থিক জ্ঞান বিষয়ক সৃজনশীল শর্ট ভিডিও প্রতিযোগিতা’-তে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হাবিপ্রবি ফিল্ম ক্লাবের সদস্যদের সমন্বয়ে গঠিত এই দলটি।
আজ রোববার (১২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কৃত করা হয়।
গত বছরের জুলাই মাসে শুরু হওয়া দীর্ঘ এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বিজয়ী হাবিপ্রবি দলের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন। ‘পুঁজিবাজারে সচেতনতা বৃদ্ধিতে আর্থিক জ্ঞান’ ক্যাটাগরিতে হাবিপ্রবি প্রথম স্থান অধিকার করে।
এই বিভাগে রানার্স-আপ হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)।হাবিপ্রবির চ্যাম্পিয়ন ভিডিওটি রচনা ও নির্দেশনায় ছিলেন মেধাবী শিক্ষার্থী মোরশেদুল ইসলাম ইমন। ভিডিওটি পরিচালনায় আসিফ বিন আলিম, চিত্রগ্রহণে সাকিব মাহমুদ এবং সম্পাদনায় তৌফিকুর রহমান তাদের মুন্সিয়ানা দেখিয়েছেন। ভিডিওটিতে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন আসিফ বিন আলিম, ত্রয়ী সরকার, শর্মী বসাক ও মুশফিকুল আলম অনিক। হাবিপ্রবির এই সৃজনশীল কাজটির ভূয়সী প্রশংসা করেছেন বিচারকমণ্ডলী।
বিএসইসি কমিশনার ফারজানা লালারুখের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে তিন ক্যাটাগরির সেরা ৯টি দলের ভিডিও প্রদর্শিত হয়। অন্যান্য বিভাগের মধ্যে ‘সুস্থ পুঁজিবাজার ও সমৃদ্ধ অর্থনীতি’ বিভাগে হামদর্দ বিশ্ববিদ্যালয় এবং ‘পুঁজিবাজারে ঝুঁকি’ বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ দল প্রথম স্থান অর্জন করে। তবে মূল প্রতিযোগিতায় হাবিপ্রবির সাফল্যটি ছিল বিশেষভাবে নজরকাড়া।
জাতীয় পর্যায়ের এই অনন্য অর্জনকে হাবিপ্রবি ফিল্ম ক্লাব বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও সৃজনশীল অগ্রযাত্রার একটি মাইলফলক হিসেবে দেখছে। ক্লাবের পক্ষ থেকে এক প্রতিক্রিয়ায় জানানো হয়, এই সাফল্য কেবল হাবিপ্রবি ফিল্ম ক্লাবের নয়, বরং এটি পুরো বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সৃজনশীলতা ও পেশাদারিত্বের প্রতিফলন। এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন