বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ঢাবির বিশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ, শিক্ষার্থীদের জন্য চার নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৬, ১২:০৮ পিএম

ঢাবির বিশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ, শিক্ষার্থীদের জন্য চার নির্দেশনা

ঢাবির ভর্তি কার্যক্রম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে বিশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে বিষয় মনোনয়ন এবং বিষয় পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য চার দফা নির্দেশনা দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় জানানো হয়েছে, যেসব শিক্ষার্থীর বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে বিষয় পরিবর্তন হয়েছে অথবা নতুনভাবে বিষয় মনোনয়ন পেয়েছেন, তাদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, নতুনভাবে বিষয় মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের কেন্দ্রীয় ভর্তি ফি পরিশোধ করতে হবে। আর যেসব শিক্ষার্থীর বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে বিষয় পরিবর্তন হয়েছে, তাদের নতুন বিভাগের জন্য প্রযোজ্য ভর্তি ফি প্রদান করতে হবে।

আগামীকাল বুধবার থেকে ৩০ এপ্রিলের মধ্যে সব ধরণের প্রযোজ্য ভর্তি ফি অনলাইনে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফি পরিশোধ সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ডিন অফিসে সশরীর উপস্থিত হয়ে নির্ধারিত ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনার জন্য সংশ্লিষ্ট ইউনিটের নোটিশ সেকশন দেখার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নির্দিষ্ট ফি দিয়ে অনলাইনের মাধ্যমে ২২ এপ্রিল পর্যন্ত বিশেষ মাইগ্রেশনের জন্য আবেদন করার সুযোগ পেয়েছিলেন। ভর্তি সংক্রান্ত যে কোনো আপডেট তথ্যের জন্য শিক্ষার্থীদের নিয়মিত ওয়েবসাইট অনুসরণের অনুরোধ করা হয়েছে।