মে ৩, ২০২৬, ০৫:০৭ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সদস্যদের মধ্যে দীর্ঘদিনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে এসেছে। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া জিএস সালাউদ্দিন আম্মারের একাধিক অভিযোগ এবং এর প্রেক্ষিতে ভিপি ও কয়েকজন সম্পাদকের পাল্টাপাল্টি বক্তব্যে ক্যাম্পাসের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
শনিবার ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ’ নামক ফেসবুক গ্রুপে জিএস সালাউদ্দিন আম্মার একটি পোস্ট দেন এবং পরবর্তীতে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ তাঁর ব্যক্তিগত পেজে পাল্টা পোস্ট করলে এই দ্বন্দ্বের বিষয়টি সবার সামনে আসে।
জিএস সালাউদ্দিন আম্মার অভিযোগ করেন, পরিষদের অধিকাংশ সদস্য একটি নির্দিষ্ট প্যানেল থেকে নির্বাচিত হওয়ায় ভিন্ন প্যানেলের প্রতিনিধিদের মতামত যথাযথ গুরুত্ব পাচ্ছে না।সালাউদ্দিন আম্মার বলেন, ‘আমি ও আরও দুজন সদস্য ভিন্ন প্যানেলের হওয়ায় আমাদের মতামত স্বাভাবিকভাবেই গ্রহণযোগ্য হয় না।
অনেক সময় সম্পাদকরা ভিপির সংশ্লিষ্টতায় প্রোগ্রাম আয়োজন ও অতিথি নির্বাচন করে থাকেন।’ তিনি আরও দাবি করেন, স্বচ্ছতা বজায় রাখার প্রশ্নে তিনি সম্প্রতি অনুষ্ঠিত একটি সেমিনারে ইচ্ছাকৃতভাবে উপস্থিত হননি। গত ৬ এপ্রিল অনুষ্ঠিত একটি সেমিনারের ব্যানারে পরাজিত প্রার্থীর নাম থাকায় তিনি ওই অনুষ্ঠানে যোগ দেননি বলেও জানা যায়।এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ জিএসের এই অভিযোগকে ‘ভিত্তিহীন ও মনগড়া’ বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, প্যানেলের বাইরে থাকা সদস্যদের মতামত উপেক্ষার কোনো নির্দিষ্ট উদাহরণ জিএস দিতে পারেননি। বরং জিএসের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে পরিষদের সবাই সহযোগিতা করছে। ভিপি আরও বলেন, ‘ভিপি-জিএসের উপস্থিতিতে ও সভাপতির অনুমতিতে সম্পাদকরা তাঁদের অ্যাজেন্ডা পাস করিয়ে নেন। পরে তাঁরা নিজেদের মতো করে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেন যেখানে আমাদের অতিথি হিসেবে ডাকা হয়। এটাই রাকসুর প্রতিষ্ঠিত নিয়ম।’
রাকসুর জিএসের এসব অভিযোগ নাকচ করেছেন সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন জোহাও। তিনি দাবি করেন, নিজেকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করতে গিয়ে জিএস অন্যদের দোষারোপ করছেন। তাঁর মতে, জিএস এখন ক্যাম্পাসের চেয়ে জাতীয় রাজনীতি নিয়ে বেশি সক্রিয় হতে চাইছেন এবং নিজেকে আলোচনায় রাখতে এক মাস আগের ইস্যু সামনে এনেছেন। এই পাল্টাপাল্টি অবস্থানে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রাকসুর কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন