মে ৪, ২০২৬, ০৩:০০ পিএম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহিদ মিনার প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বইমেলা-২০২৬’। হাবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে আয়োজিত এই মেলা সোমবার (৪ মে) থেকে শুরু হয়ে আগামী ৬ মে পর্যন্ত চলবে।সোমবার সকাল সাড়ে ১১টায় ফিতা কেটে এই জ্ঞান উৎসবের শুভসূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. এনামউল্যা। উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
প্রযুক্তির এই যান্ত্রিক সময়ে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনতেই মূলত এই মেলার আয়োজন করা হয়েছে।মেলা প্রাঙ্গণে সারিবদ্ধভাবে মোট ১৪টি স্টল বসেছে। এসব স্টলে বিভিন্ন প্রকাশনী ও উদ্যোক্তারা তাঁদের বইয়ের সংগ্রহ নিয়ে এসেছেন।
বইপ্রেমী শিক্ষার্থীরা নতুন বইয়ের সান্নিধ্যে আসার এই সুযোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, কোষাধ্যক্ষ প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান।
স্টলগুলো ঘুরে দেখার সময় উপাচার্য বর্তমান প্রজন্মের পাঠাভ্যাস নিয়ে তাঁর ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস প্রায় বিলুপ্তির পথে। তবে গভীর জ্ঞান অর্জনের ক্ষেত্রে বইয়ের কোনো বিকল্প নেই। বইমেলার এই আয়োজন শিক্ষার্থীদের আবার বইয়ের সান্নিধ্যে নিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ ধরনের সৃজনশীল আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান উপাচার্য।মেলা আয়োজক সূত্র জানিয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বন্ধুসভার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন