সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হাবিপ্রবিতে ইন্টারন্যাশনাল হলের ক্রীড়া প্রতিযোগিতা

মোঃ রাহাত হোসেন

মে ৫, ২০২৬, ১০:৩৮ এএম

হাবিপ্রবিতে ইন্টারন্যাশনাল হলের ক্রীড়া প্রতিযোগিতা

ছবি-দিনাজপুর টিভি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইন্টারন্যাশনাল হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে ভারত, নেপাল, ভুটান, সোমালিয়া ও নাইজেরিয়ার শিক্ষার্থীরা অংশ নেন। সোমবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আবরার ফাহাদ হলের মাঠে এই আয়োজন সম্পন্ন হয়।

ক্রিকেট, ফুটবল ও ভলিবল টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির।

উপাচার্য তার বক্তব্যে জানান, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জয়-পরাজয় নয়, খেলায় অংশগ্রহণই মূল বিষয়। নিয়মিত খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনযাপন নিশ্চিত করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। বিভিন্ন ইভেন্টে বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে আরও সুযোগ সৃষ্টির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

ইন্টারন্যাশনাল হলের হল সুপার অধ্যাপক ড. মো. আদনান আল বাচ্চু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইন্টারন্যাশনাল হলের সহকারী হল সুপার অধ্যাপক ড. মারুফ আহমেদ।

অনুষ্ঠানে ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান, প্রক্টর অধ্যাপক ড. মো. নওশেরওয়ান এবং কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. মো. মহিদুল হাসানসহ বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।