মে ১৯, ২০২৬, ০৮:১৬ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। র্যাগিংয়ের অভিযোগ, ছবি তোলা, ভুল শিক্ষাবর্ষের পরিচয় দেওয়া এবং পরবর্তীতে ইভটিজিংয়ের জের ধরে এই হাতাহাতি শুরু হয়।
আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখে বিকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকায় এই সংঘর্ষের পর প্রক্টরিয়াল বডি ও সিনিয়র শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।উত্তেজনা প্রশমনের পর দুই পক্ষের মধ্যে নতুন করে মারামারি শুরু হলে ক্যাম্পাস জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার সূত্রপাত ঘটে গত সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সামনে। সেখানে ইইই বিভাগের সিনিয়ররা জুনিয়রদের নিয়ে বসার সময় পাশে আড্ডা দেওয়া অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ছবি তুলে প্রক্টরকে খবর দেওয়ার অভিযোগ ওঠে।
এটি নিয়ে জেরা করার সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং একই সময়ে অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগের এক ছাত্রী ইইই বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ভিডিও ধারণের পাল্টা অভিযোগ তোলেন। সেই সময় সিনিয়ররা বিষয়টি সামাল দিলেও আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি মীমাংসার জন্য অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী আল জাবিদকে ডাকা হলে তিনি আগের দিন নিজের সেশন ভুল বলার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।
কিন্তু এই আপসের পর বিকেলে পরিবহন মার্কেট এলাকায় নতুন করে জটিলতা তৈরি হয়। অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুস্মিতা রানী সরকারকে উদ্দেশ্য করে ইইই বিভাগের কয়েকজন শিক্ষার্থী ইভটিজিং ও অশালীন অঙ্গভঙ্গি করেছেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সিনিয়ররা এবং প্রক্টর ও রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার ঘটনাস্থলে উপস্থিত হন। সবাইকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার সময় দুই বিভাগের শিক্ষার্থীরা আচমকা লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর চড়াও হন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে দুই বিভাগের সভাপতিকে বিষয়টি জানানো হয়েছে এবং তারা দ্রুত জরুরি বৈঠকে বসবেন। ঘটনার সঙ্গে জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে দোষী শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও শৃঙ্খলাভঙ্গের আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে প্রক্টর কার্যালয় থেকে জানানো হয়েছে। বর্তমানে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন