জুন ৬, ২০২৬, ০৭:৩৮ পিএম
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের জন্য শিক্ষার্থীদের আরও অপেক্ষা করতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, আগামী ১৫ জুনের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় পর্যায়ের তথ্য যাচাই ও পরীক্ষার তারিখ পিছিয়ে যাওয়ায় ফল তৈরিতে বাড়তি সময় লাগছে।এই পরীক্ষায় অংশ নিয়েছে সাড়ে ছয় লাখ শিক্ষার্থী।
সারা দেশের সাড়ে ছয় লাখ শিক্ষার্থীর মধ্যে ৮২ হাজার ৫০০ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করা হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৮০ শতাংশ কোটায় ৬৬ হাজার এবং বেসরকারি বা কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য ২০ শতাংশ কোটায় ১৬ হাজার ৫০০ জন শিক্ষার্থী বৃত্তি পাবে।
বৃত্তির অর্থ ছেলে ও মেয়েদের জন্য সমানুপাতিক হারে বণ্টন করা হবে।শিক্ষার্থীরা দুই ধরনের বৃত্তি পাবে।ট্যালেন্টপুল কোটায় ৩৩ হাজার শিক্ষার্থী মাসিক ৩০০ থেকে ৩৫০ টাকা এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী মাসিক ২২৫ থেকে ২৫০ টাকা করে আর্থিক সুবিধা পাবে।
এছাড়া বছরে এককালীন ২২৫ টাকা প্রদান করা হবে। বৃত্তির এই সুবিধা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বহাল থাকবে।ফল জানা যাবে অনলাইনে ও এসএমএস পদ্ধতিতে।অনলাইনে ফল পেতে আইপিইএমআইএস বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর দিতে হবে। এছাড়া মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে নির্দিষ্ট ফরম্যাটে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি বার্তায় ফল জানা যাবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন