বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

এনসিটিবিসহ ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৮, ২০২৬, ১০:১৬ পিএম

এনসিটিবিসহ ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং দেশের পাঁচটি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই রদবদল আনা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম কমার্স কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা। 

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন বোর্ডটির বর্তমান সচিব শামীম আরা চৌধুরী। 

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দেবিদ্বার সরকারি এসএস কলেজের অধ্যক্ষ মো. আহসান পারভেজকে। যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন খুলনার হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালাম।

এছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে।শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থ বিবেচনায় এই নিয়োগ আদেশ জারি করা হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। শিক্ষা খাতের প্রশাসনিক কাঠামো শক্তিশালী করতেই মূলত এই গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।