জুন ৯, ২০২৬, ০১:১১ পিএম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মবিনুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় ক্যাম্পাস প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
মিছিল শেষে অংশগ্রহণকারী শিক্ষকরা এই হামলাকে বর্বরোচিত ও ন্যাক্কারজনক হিসেবে আখ্যায়িত করেন। বক্তারা বলেন, একজন শিক্ষকের ওপর এ ধরনের শারীরিক নির্যাতন শুধুমাত্র ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং এটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ও নিরাপত্তার ওপর এক বড় ধরনের আঘাত।
তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।কর্মসূচিতে বক্তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিও উত্থাপন করা হয়।
শিক্ষকরা বলেন, শিক্ষাঙ্গনে একটি শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় রাখতে হলে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। তারা যেকোনো মূল্যে ক্যাম্পাসের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, অধ্যাপক মবিনুল ইসলামের ওপর হামলার ঘটনা ক্যাম্পাসে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ শিক্ষকরা। শিক্ষাঙ্গনে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে শিক্ষক সমাজ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন