জুন ১৫, ২০২৬, ১১:২২ এএম
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৮৬ কোটি ৬০ লাখ টাকার রাজস্ব বাজেট পেয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ১৮৭তম পূর্ণ কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসির ব্যয় নির্বাহের মোট বাজেটের অংশ হিসেবে এই বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর রাজস্ব ও উন্নয়ন প্রকল্প মিলিয়ে মোট ১২ হাজার এক কোটি ৮২ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।তালিকায় সর্বোচ্চ ৯৪৯ কোটি ৩৬ লাখ টাকা রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। জবির পাওয়া বরাদ্দটি দেশের অন্যান্য বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় সমপর্যায়ের।
এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় ১৮৮ কোটি ৪০ লাখ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৮৬ কোটি ৬৬ লাখ টাকা পেয়েছে।গবেষণা কার্যক্রমে দ্বৈততা এড়াতে এবার বিশ্ববিদ্যালয়গুলো এবং ইউজিসির গবেষণা বাজেট একীভূত করা হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতের ২০০ কোটি টাকা ইউজিসির বাজেটে স্থানান্তর হওয়ায় সেখানে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ২২৬ কোটি টাকা।
রাজধানীকেন্দ্রিক এই শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থী সংখ্যা, অবকাঠামো ও আবাসন সংকট বিবেচনায় ভবিষ্যতে আরও বড় বরাদ্দের প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন এই অর্থ বরাদ্দ বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় কাজে আসবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন