রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ছাত্রত্ব শেষ হওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৫, ২০২৬, ০৫:৫০ পিএম

ছাত্রত্ব শেষ হওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু এবং জিএস মাজহারুল ইসলামের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ছাত্রত্ব শেষ হয়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে আবাসিক হল ছেড়েছেন জিএস মাজহারুল ইসলাম, তবে হল ছাড়ার জন্য প্রশাসনের কাছে অতিরিক্ত সময় চেয়েছেন ভিপি আব্দুর রশিদ জিতু।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।সভায় জাকসুর জিএস মাজহারুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে তিনি পরীক্ষার সাত দিনের মধ্যেই হল ছেড়ে দিয়েছেন এবং তার রুমে নতুন শিক্ষার্থীদের বরাদ্দ দেওয়া হয়েছে। 

অন্যদিকে, ভিপি আব্দুর রশিদ জিতু জানান, দেশের বাইরে থাকায় তিনি হল ছাড়ার জন্য কিছুটা প্রস্তুতির সময় চেয়েছেন। তিনি দ্রুতই ব্যক্তিগত গোছগাছ শেষ করে হল ত্যাগ করবেন বলে জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম স্পষ্ট জানিয়েছেন, মেয়াদোত্তীর্ণ কোনো শিক্ষার্থীরই আবাসিক হলে থাকার সুযোগ নেই। রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো অজুহাতে হলে অবস্থানের অনুমতি দেওয়া হবে না। জাকসুর ভিপির বিষয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দও অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের নিয়ম কঠোরভাবে অনুসরণের দাবি জানিয়েছেন।