জুন ২৩, ২০২৬, ১০:৩০ পিএম
রংপুর নগরীর একটি হোটেলের ছাদ থেকে পড়ে নুজসাত জাহান নামে এক কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় এক মেডিকেল শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে নগরীর নর্থভিউ হোটেলের ছাদে এই ঘটনা ঘটে। নিহত নুজসাত জাহান রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ঘটনাটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা ধারণা করা হলেও পুলিশ সব দিক খতিয়ে দেখছে।পুলিশের হাতে গ্রেফতার হওয়া শাহরিয়ার আহমেদ সাকিন রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ছাদে অবস্থানকালে নুজসাত কিছু সময় মোবাইল ফোনে কথা বলেন এবং পরে ফোনটি রেখে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এই ঘটনার পরদিন মঙ্গলবার দুপুরে নিহতের বাবা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য নজরুল ইসলাম রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি মামলা করেন। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা ওই মামলায় সাকিনসহ অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।মামলা দায়েরের পর নগরীর ধাপ চিকলি ভাটা এলাকা থেকে সাকিনকে গ্রেফতার করে পুলিশ।
নিহতের বাবা নজরুল ইসলাম এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। জানা গেছে, অভিযুক্ত সাকিন নিহত নুজসাতের গৃহশিক্ষক ছিলেন। তবে অভিযোগ অস্বীকার করে সাকিন দাবি করেছেন, তিন মাস আগে তিনি নুজসাতকে পড়াতেন এবং তাঁদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্কের জেরে এই ঘটনা ঘটেনি। রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি বিভাগের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী জানান, ঘটনার বিভিন্ন দিক যাচাই-বাছাই করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন