রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাবিপ্রবিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৬, ২০২৬, ০৩:২৩ পিএম

হাবিপ্রবিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ছবি-দিনাজপুর টিভি

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে হাবিপ্রবি স্কুল মাঠে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

এই কর্মসূচির আওতায় পাঁচ শতাধিক চারা বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনাম উল্যা। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির এবং বৃক্ষরোপণ উপ-কমিটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান উপস্থিত ছিলেন। এ সময় ফাউন্ডেশনের আজীবন সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য অধ্যাপক ড. মো. মহিদুল হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মাটি ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। দেশের কৃষি অর্থনীতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তিনি খাল খনন ও বৃক্ষরোপণের মতো গণমুখী কর্মসূচি চালু করেছিলেন। তাঁর এই আদর্শকে ধারণ করে একটি সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে শিশুদের মাঝে ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী চারা বিতরণ করা হয়েছে, যা মাসব্যাপী চলমান থাকবে।