রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এমপিওভুক্ত হচ্ছেন আরও ১ হাজার ৩১১ শিক্ষক ও কর্মচারী

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২, ২০২৬, ১০:৩৮ পিএম

এমপিওভুক্ত হচ্ছেন আরও ১ হাজার ৩১১ শিক্ষক ও কর্মচারী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ১ হাজার ৩১১ জন শিক্ষক ও কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত তালিকায় স্কুলের ৭৮০ জন এবং কলেজের ৫৩১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের দীর্ঘ প্রক্রিয়ার পর এই এমপিওভুক্তির ঘোষণা এল।

আঞ্চলিক ভিত্তিতে শিক্ষক-কর্মচারীদের এই সুবিধা দেওয়া হচ্ছে।এমপিওভুক্তির জন্য অনুমোদন পাওয়া স্কুলের ৭৮০ জনের মধ্যে সবচেয়ে বেশি ১৬২ জন ঢাকার এবং ১৫২ জন রাজশাহীর। এছাড়া বরিশাল অঞ্চলের ৭৯ জন, চট্টগ্রামের ৫৮ জন, কুমিল্লার ৭০ জন, খুলনার ৪৬ জন, ময়মনসিংহের ৭৭ জন, রংপুরের ১০১ জন এবং সিলেটের ৩৫ জন রয়েছেন। কলেজ পর্যায়ের ৫৩১ জনের মধ্যে ঢাকার ১৩৬ জন, খুলনার ৯০ জন এবং রাজশাহীর ১০৫ জন রয়েছেন। বাকিরা অন্যান্য অঞ্চলের আওতাভুক্ত।

এমপিওভুক্তির পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের বিএড ও উচ্চতর স্কেল প্রদানের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সভায় ২ হাজার ৩০৯ জন শিক্ষককে বিএড স্কেল এবং ১ হাজার ২৮ জন শিক্ষককে উচ্চতর স্কেল প্রদানের অনুমোদন দেওয়া হয়। দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ শিক্ষকদের জন্য এই সিদ্ধান্ত বড় স্বস্তির খবর হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমপিওভুক্তির পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে। নতুন এমপিওভুক্তরা আগামী মাস থেকেই সরকারি এই বেতন-ভাতার সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে এই পদক্ষেপ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।