রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২, ২০২৬, ১১:৫৭ পিএম

প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

প্রাথমিক শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং ঝরে পড়া রোধে ‘খেলার ছলে শেখা’ কার্যক্রম পরিচালনার জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সম্প্রতি অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়কে আনন্দময় ও নিরাপদ স্থান হিসেবে অনুভব করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আনন্দময় শিক্ষার এই কার্যক্রম ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রণীত প্রথম থেকে পঞ্চম শ্রেণির চারু ও কারুকলা বিষয়ক শিক্ষক সহায়িকা অনুযায়ী এই কার্যক্রম পরিচালিত হবে। নির্দেশনায় বলা হয়েছে, শ্রেণিকক্ষে ছবি আঁকা, মাটির কাজ ও বিভিন্ন উপকরণ তৈরিতে শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। 

শিক্ষার্থীদের তৈরি এসব শিল্পকর্ম শ্রেণিকক্ষে প্রদর্শন করতে হবে, যাতে তাদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।শিক্ষকদের আনন্দময় ও অংশগ্রহণমূলক পরিবেশে এই কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে এবং তাদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত হবে। পাশাপাশি বিদ্যালয়টি শিশুদের কাছে আরও প্রিয় হয়ে উঠবে বলে আশা করছে অধিদপ্তর।

এই কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভাগীয় উপপরিচালক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মাঠপর্যায়ের সকল কর্মকর্তাদের এই বিশেষ নির্দেশনা কঠোরভাবে অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। সঠিক ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।