জুলাই ৬, ২০২৬, ০৫:৫৪ পিএম
এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আরও বেড়েছে। একই সঙ্গে বহিষ্কারের হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সোমবার ৯টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় মোট ৩৩ হাজার ১২৯ জন অনুপস্থিত ছিলেন এবং ৪৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরিসংখ্যান অনুযায়ী, গত শনিবার দ্বিতীয় দিনের পরীক্ষায় ২৭ হাজার ৩২৭ জন অনুপস্থিত এবং ১৭ জন বহিষ্কার হয়েছিলেন। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা ছিল ২৪ হাজার ৭৮৪ জন এবং বহিষ্কার হয়েছিলেন ৭ জন। অর্থাৎ তৃতীয় দিনে অনুপস্থিত ও বহিষ্কার — উভয় হারই ঊর্ধ্বমুখী।
সোমবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় ২৫ হাজার ৩৪ জন অনুপস্থিত ছিলেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা ৫ হাজার ১৫২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ২ হাজার ৯৪৩ জন শিক্ষার্থী।
ঢাকা বোর্ডে সর্বোচ্চ ১০ জন, কুমিল্লায় ৮ জন, দিনাজপুর ও ময়মনসিংহে ৭ জন করে শিক্ষার্থী বহিষ্কার হয়েছেন। মাদ্রাসা বোর্ডে ২ জন এবং কারিগরি বোর্ডে ৩ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। কোনো বোর্ডে পরিদর্শক বহিষ্কারের তথ্য পাওয়া যায়নি।
গত বৃহস্পতিবার থেকে সারাদেশে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। আগামী ৮ আগস্ট পর্যন্ত লিখিত পরীক্ষা এবং ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন