বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বেরোবি ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

বেরোবি প্রতিনিধি

জুলাই ১১, ২০২৬, ১২:৩৫ এএম

বেরোবি ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের ৯৪ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এই নতুন কমিটিকে স্বাগত জানিয়ে এবং কেন্দ্রীয় ও শাখা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

দীর্ঘ আট মাস পর এই কমিটি ঘোষণা করা হলো।মিছিল শেষে ক্যাম্পাসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদল আগের চেয়ে বেশি ভূমিকা রাখবে। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা এটিকে গর্বের চেয়ে বড় চ্যালেঞ্জ ও অনুপ্রেরণা হিসেবে দেখছেন। শিক্ষার্থীরা যাতে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ এবং গণতান্ত্রিক রাজনীতি পায়, সে বিষয়ে কাজ করার অঙ্গীকার করেন তারা।

নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান ফারুকী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও বেরোবি শাখা ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন ও অধিকার আদায়ে পাশে থাকাই তার মূল লক্ষ্য। আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, দীর্ঘ আট মাস পর কমিটি গঠন হওয়ায় তারা আনন্দিত। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও অভিযোগের তদন্ত দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান বলেন, যারা সংগঠনের জন্য দীর্ঘ সময় কাজ করেছেন কিন্তু এই কমিটিতে স্থান পাননি, তাদের মূল্যায়নের চেষ্টা করা হবে। সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, বেরোবি ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকার আদায়ে বরাবরের মতোই কাজ করে আসছে। নতুন এই কমিটি বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ও গণতান্ত্রিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করবে। উল্লেখ্য, গত বছরের ২৭ নভেম্বর ৯ সদস্যের আংশিক কমিটি গঠনের দীর্ঘ প্রতীক্ষার পর এবার ৯৪ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি এলো।