সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

চট্টগ্রাম বোর্ডের ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ০৫:৫২ পিএম

চট্টগ্রাম বোর্ডের ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

ছবি: দিনাজপুর টিভি

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় ১৬ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সমস্ত কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মনিটরিং করছেন। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে সরকার। তিনি জানান, দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তার নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

পরীক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার পরবর্তী সময়সূচী জানিয়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী ইতিমধ্যে দলীয় নেতাকর্মীদের বন্যাদুর্গতদের ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে আরও তৎপর হওয়ার জন্য বলা হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনার জন্য শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট এবং গণমাধ্যমে চোখ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ এই সময়ে পরীক্ষার্থীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।