সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

এইচএসসি পরীক্ষা কি পেছাচ্ছে? জানাল আন্তঃশিক্ষা বোর্ড

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৩, ২০২৬, ১০:২৮ পিএম

এইচএসসি পরীক্ষা কি পেছাচ্ছে? জানাল আন্তঃশিক্ষা বোর্ড

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য ১০টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী চলবে। আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে সৃষ্ট উদ্বেগ নিরসনে এই সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সোমবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় একটি বোর্ডের পরিস্থিতির কারণে অন্য বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা বাস্তবসম্মত নয়।বিজ্ঞপ্তিতে পরীক্ষা অব্যাহত রাখার যৌক্তিকতা ব্যাখ্যা করা হয়েছে। সারা দেশে ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তাই কোনো একটি বোর্ডের পরিস্থিতির কারণে সব বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলে তা শিক্ষার্থীদের শিক্ষাজীবন, ফল প্রকাশ, বিশ্ববিদ্যালয় ভর্তি এবং সামগ্রিক শিক্ষা ক্যালেন্ডার মারাত্মকভাবে ব্যাহত করবে।

তবে শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কর্তৃপক্ষ বিশেষ নির্দেশনা জারি করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যদি কোনো অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা বা পরীক্ষা গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পরিস্থিতি তৈরি হয়, তবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক স্থানীয় পরিস্থিতি মূল্যায়ন করে তাৎক্ষণিক প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন। শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।

বর্তমানে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে উপস্থিত হওয়া সম্ভব না হওয়ায়, শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসকদের রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ পরীক্ষাকেন্দ্র বর্তমানে পরীক্ষা পরিচালনার জন্য উপযোগী রয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরীক্ষা গ্রহণের পরিবেশ নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের বিরূপ আবহাওয়ার কথা মাথায় রেখে পর্যাপ্ত সময় হাতে নিয়ে সতর্কতার সঙ্গে কেন্দ্রে রওনা হওয়ার অনুরোধ জানানো হয়েছে।