সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে মাউশির নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ০৩:২০ পিএম

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে মাউশির নির্দেশনা

ছবি - সংগৃহীত

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং আহ্বান করেছে। সোমবার শারীরিক শিক্ষা বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। সৃজনশীল কাজের মাধ্যমে প্রতিযোগিতার প্রচার ও প্রসারে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের আগামী ২৮ জুলাইয়ের মধ্যে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে কাজ জমা দিতে বলা হয়েছে।নির্দেশনা অনুযায়ী, লোগো পিএনজি, জেপিজি বা জেপিইজি ফরমেটে জমা দিতে হবে। থিম সং অডিও ও ভিডিও উভয় ফরমেটেই পাঠাতে হবে। রিলস তৈরির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ফুটবল খেলা সম্পর্কিত দৃশ্যের লিংক পাঠাতে বলা হয়েছে। এছাড়া মাসকট ও স্লোগান আলাদাভাবে ই-মেইলের মাধ্যমে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ই-মেইল ঠিকানায় ই-মেইল পাঠাতে হবে। আবেদনের সাথে অংশগ্রহণকারীর একটি সচল মোবাইল নম্বর ও যোগাযোগের পূর্ণ ঠিকানা অবশ্যই উল্লেখ করতে হবে। যারা ইতিপূর্বে একই প্রতিযোগিতার জন্য লোগো, রিলস বা থিম সং জমা দিয়েছেন, তাদের নতুন করে পাঠানোর প্রয়োজন নেই। প্রতিযোগিতায় বিজয়ীদের প্রধানমন্ত্রী নিজে পুরস্কৃত করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।