রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাবি শিক্ষার্থীকে মারধর রাজশাহীতে রেলপথ অবরোধ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ১০:৩৪ এএম

রাবি শিক্ষার্থীকে মারধর রাজশাহীতে রেলপথ অবরোধ

ছবি - সংগৃহীত

পদ্মা এক্সপ্রেসে টিকিট পরিদর্শকের হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহী। অভিযুক্ত ব্যক্তির শাস্তির দাবিতে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করায় সারা দেশের সঙ্গে এই অঞ্চলের ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় এলাকার চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইনে এই অবরোধ শুরু হয়।ভুক্তভোগী শিক্ষার্থী রাবির আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।

সহপাঠীদের অভিযোগ, ট্রেন ভ্রমণকালে টিটিই সুমন সরকারি রসিদ প্রদান না করে অবৈধ উপায়ে যাত্রীদের কাছ থেকে অর্থ আদায় করছিলেন। শিক্ষার্থী এর প্রতিবাদ জানালে তার পরনে বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত টি-শার্ট থাকা সত্ত্বেও তাকে উপর্যুপরি মারধর করা হয়। এমনকি স্টেশনে পৌঁছানোর আগেই তাকে জোরপূর্বক অন্য একটি স্টেশনে নামিয়ে দেওয়া হয়। 

ঘটনার পরই ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন রেললাইনে নেমে আসেন।আন্দোলনরত শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অভিযুক্ত টিটিিকে অবিলম্বে তাদের সামনে হাজির করতে হবে এবং তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রেললাইন ছাড়বেন না বলে অনড় অবস্থানে রয়েছেন। 

হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের যোগাযোগের চেষ্টা চলছে। তবে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ না নিলে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।