মাহবুবুল হক খান
জুলাই ২১, ২০২৬, ০৯:০৫ পিএম
ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে অবস্থানরত পথকুকুরের স্বাস্থ্য সুরক্ষা এবং জলাতঙ্ক রোগ প্রতিরোধে একটি বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ক্যাম্পাসের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, কৃষক সেবা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মো. ফারুক হাসান এবং ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মো. খালেদ হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে ক্যাম্পাসে পথকুকুরের কামড় বা আক্রমণের শিকার হয়ে শিক্ষার্থীরা নানা জটিলতায় পড়েন। এই সমস্যার স্থায়ী সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এবং ভেটেরিনারি টিচিং হাসপাতালের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই টিকাদান কার্যক্রমের আওতায় ক্যাম্পাসে ঘুরে বেড়ানো প্রায় দুইশত কুকুরকে ভেটেরিনারি চিকিৎসকদের মাধ্যমে পর্যায়ক্রমে জলাতঙ্কের প্রতিষেধক টিকা প্রদান করা হবে।
বিশেষজ্ঞরা মনে করেন, নিয়মিত টিকাদানের মাধ্যমে পথকুকুরের দেহে জলাতঙ্ক রোগের সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এর ফলে শিক্ষার্থীরা যেমন নিরাপদে চলাচল করতে পারবেন, তেমনি পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় থাকবে। প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।