রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কলেজ ভর্তি আবেদন কবে শুরু, জানাল আন্তঃশিক্ষা বোর্ড

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১২, ২০২৬, ০৩:১০ পিএম

কলেজ ভর্তি আবেদন কবে শুরু, জানাল আন্তঃশিক্ষা বোর্ড

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের প্রস্তুতি শুরু করেছে শিক্ষা বোর্ড। নতুন শিক্ষাবর্ষে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী সপ্তাহের মধ্যেই ভর্তি আবেদনের তারিখ চূড়ান্ত করা হতে পারে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন যে আগামী সোমবারের মধ্যে আবেদনের তারিখ নির্ধারণের সম্ভাবনা রয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে সারাদেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় সাড়ে ২৭ লাখ আসন খালি রয়েছে। 

তবে এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংখ্যার বিপরীতে এই আসনসংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি হওয়ায়, এ বছর প্রায় ১৭ লাখ আসন ফাঁকা থাকার আশঙ্কা করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। পাসের হার কমে যাওয়ার কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংকট তৈরির সম্ভাবনাও রয়েছে।আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সারাদেশে মোট ৯ হাজার ৩১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

পাস করা শিক্ষার্থীদের মধ্যে যারা স্বাভাবিকভাবেই ভর্তি প্রক্রিয়ায় অংশ নেবে, তাদের বাইরেও পূর্ববর্তী বছরের তথ্য অনুযায়ী প্রায় পাঁচ থেকে দশ শতাংশ শিক্ষার্থী কলেজে ভর্তি হয় না। গত সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন। সংশ্লিষ্ট বোর্ডগুলোর পক্ষ থেকে ভর্তি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।