আগস্ট ১৫, ২০২৬, ০১:০৭ পিএম
আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রক্ষা এবং শিক্ষার্থীদের সময় অপচয় রোধ করতে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ঘোষিত এই সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তা পেছানোর কোনো অবকাশ নেই।নির্ধারিত সময়েই পরীক্ষা হবে বলে জানানো হয়েছে।
সরকারের শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসএসসির নির্বাচনী বা টেস্ট পরীক্ষা আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হয়ে ১০ নভেম্বর পর্যন্ত চলবে এবং এর ফল প্রকাশ করতে হবে ১৮ নভেম্বরের মধ্যে। এর ফলে টেস্ট পরীক্ষা সমাপ্তির পর পাবলিক পরীক্ষার মূল প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা প্রায় দুই মাস সময় পাবে, যা আগের বছরের তুলনায় কিছুটা কম।অন্যান্য সময় শিক্ষার্থীরা আড়াই থেকে তিন মাস প্রস্তুতির সুযোগ পেত।
পরীক্ষার তারিখ এগিয়ে আসায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা উদ্বেগ কাজ করছে। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান মনে করেন, নির্দিষ্ট সময়ে পাঠ্যসূচি শেষ করা গেলে কোনো সমস্যা হবে না। দীর্ঘদিনের সেশনজট ও অপচয় হওয়া কর্মঘণ্টা কাটিয়ে শিক্ষাব্যবস্থাকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন