আগস্ট ২২, ২০২৬, ০৪:৫৭ পিএম
প্রায় দুই বছর পদ শূন্য থাকার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নতুন ট্রেজারার নিয়োগ দেওয়া হলেও এক মাস পেরিয়ে গেলেও তিনি দায়িত্ব নিতে পারেননি। গত ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকারকে এই পদে নিয়োগ দিলেও তিনি এখনো যোগ দিতে পারেননি। নিয়োগের পর থেকে যোগদান না করায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের মধ্যে নানা প্রশ্ন ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
নতুন ট্রেজারারের এই যোগদান বিলম্বের কারণ নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে নানা গুঞ্জন।নিয়োগের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে। তাদের দাবি, নতুন ট্রেজারারকে তারা গ্রহণ করবেন না। তবে এই বিরোধিতার কারণে যোগদান বিলম্বিত হচ্ছে কি না, তা স্পষ্ট নয়।
এদিকে ট্রেজারার পদটি দীর্ঘদিন শূন্য থাকায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতার আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী অতিরিক্ত দায়িত্ব পালন করলেও তাঁর নিজস্ব একাডেমিক ও প্রশাসনিক চাপের কারণে জটিলতা সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।নতুন ট্রেজারার অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার জানিয়েছেন, সরকার তাকে নিয়োগ দিয়েছে এবং তিনি যোগদানের জন্য প্রস্তুত ছিলেন।
তবে ঠিক কোন কারণে তিনি যোগ দিতে পারছেন না, তা নিয়ে তিনি স্পষ্ট কোনো মন্তব্য করেননি। মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি। অন্যদিকে, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা মঞ্জুরি কমিশনের কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনিক কার্যক্রমে গতি ফেরাতে দ্রুত এই অনিশ্চয়তা নিরসনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন